‘মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিন্দু পরিমাণ ছাড় নয়’: কড়া হুঁশিয়ারি এসপি মাসুদ আলমের
চট্টগ্রাম জেলার জঙ্গল সলিমপুর, হাটহাজারী ও রাউজান উপজেলাসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান গ্রহণ করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম।
সম্প্রতি সাংবাদিক মোঃ কামাল উদ্দিন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান এবং অপরাধ দমনে পুলিশের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।
সাক্ষাৎকারে পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবার, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে জেলা পুলিশ ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে আলোচিত জঙ্গল সলিমপুর, হাটহাজারী ও রাউজানের কিছু এলাকায় চিহ্নিত অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, জেলার প্রতিটি থানাকে নিজ নিজ এলাকায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও অপরাধচক্রের তথ্য সংগ্রহ, নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।
পুলিশ সুপার বলেন,“চট্টগ্রাম জেলাকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করবে। কোনো মাদক কারবারি, সন্ত্রাসী কিংবা অপরাধীকে ছাড় দেওয়া হবে না। জনগণের সহযোগিতা নিয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে নতুন পুলিশ সুপারের এমন কঠোর অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, ধারাবাহিক অভিযান ও কঠোর মনিটরিংয়ের মাধ্যমে জঙ্গল সলিমপুর, হাটহাজারী ও রাউজানসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে মাদকের বিস্তার কমে আসবে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে।
সংশ্লিষ্টদের মতে, জেলা পুলিশের এই উদ্যোগ বাস্তবায়িত হলে চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে নতুন গতি আসবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
