ঢাকা রবিবার, ৩১শে মে ২০২৬, ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩


মাদারীপুরে আত্মীয়ের বাসায় একই পরিবারের তিনজনের মরদেহ, সন্দেহের মুখে গৃহকর্ত্রী


প্রকাশিত:
১৮ মে ২০২৬ ১২:০৮

মাদারীপুর শহরের একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) দিবাগত রাতে শহরের আমিরাবাদ এলাকার একটি বাসা থেকে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার বাসিন্দা চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাস বয়সী শিশুসন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের আমিরাবাদ এলাকায় মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চিন্ময় দাস তার স্ত্রী ও সন্তানকে নিয়ে চাচাতো ভাই পরিচয়ে ওই বাসায় বেড়াতে আসেন। রাতে খাওয়া-দাওয়ার পর তারা বাসার একটি কক্ষে ঘুমাতে যান। পরবর্তীতে মধ্যরাতে মিষ্টি বাড়ৈর ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই তিনজনের মরদেহ উদ্ধার করে।

ঘটনার সময় পাশের কক্ষে ছিলেন মিষ্টি বাড়ৈ। তিনিই পুলিশকে খবর দেন। তবে এই মৃত্যু রহস্যজনক হওয়ায় মিষ্টি বাড়ৈকে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় রেখেছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, "আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছি। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হতে তদন্ত চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।"

র‍্যাব-৮, সিপিসি-৩ (মাদারীপুর ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, "এটি অত্যন্ত মর্মান্তিক ও রহস্যজনক একটি ঘটনা। আলামত সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ চলছে। কিছু বিষয় আমাদের সন্দেহের সৃষ্টি করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।"

মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।