মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’
বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুকে স্থায়ীভাবে টোলমুক্ত করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে সোমবার (১৮ মে) সকাল ৯টায় ‘চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি’-র ব্যানারে বিশাল বিক্ষোভ ও সড়ক ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
সেতুটিতে টোল আদায়ের ফলে দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র দুর্ভোগ ও অসন্তোষ বিরাজ করছে। এই জনদুর্ভোগ লাঘবে এবং সেতুর টোল ব্যবস্থা স্থায়ীভাবে বাতিলের লক্ষ্যে এদিন সড়ক ভবনের সামনে সমবেত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কর্মসূচিতে বক্তারা বলেন, মহানন্দা সেতু চাঁপাইনবাবগঞ্জবাসীর যাতায়াতের প্রধান মাধ্যম। অথচ দীর্ঘদিন ধরে অযৌক্তিক টোল আদায়ের ফলে পণ্য পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। অবিলম্বে এই টোল আদায় বন্ধ না করলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
‘চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি’-র আহবায়ক মো. তরিকুল আলম মোল্লার সভাপতিত্বে কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, সিএনজি সমিতির সভাপতি মো. আসগার আলী, চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রনিকস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইকবাল আহমেদ এবং হাদিদুল মোবিন হাদি প্রমুখ।
বিক্ষোভকারীরা জানান, উন্নয়ন কর্মকাণ্ডের নামে জনগণের ওপর এভাবে করের বোঝা চাপিয়ে দেওয়া অমানবিক। তারা দ্রুত সময়ের মধ্যে টোলমুক্ত সেতু ঘোষণার দাবি জানান।
ঘেরাও কর্মসূচি চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সড়ক ভবনের আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
