ঢাকা রবিবার, ৩১শে মে ২০২৬, ১৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩


সোনাডাঙ্গায় ভাড়া বাসা থেকে নানী ও দুই নাতির মরদেহ উদ্ধার


প্রকাশিত:
৩১ মে ২০২৬ ১২:১৭

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার সুজুকি কর্নার এলাকার একটি ভাড়া বাসা থেকে নানী ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) সন্ধ্যায় সুজুকি কর্নারের গলির মাথায় অবস্থিত একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন বেবি (৬৫), তার ছোট নাতি মুস্তাকিম (৭) এবং মেঝো নাতি শামীম (১২)। স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ করলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ, অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। মরদেহগুলোর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।