ঢাকা মঙ্গলবার, ১৮ই আগস্ট ২০২৬, ৪ঠা ভাদ্র ১৪৩৩


বকশীগঞ্জে বালু খেকোদের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৫ ড্রেজার মেশিন


প্রকাশিত:
৭ জুন ২০২৬ ১৯:১৬

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের সিংগীডোবা বিলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি ড্রেজার মেশিন ও প্রায় ৩ হাজার ৯০০ ফুট প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয়।

রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও অংশ নেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সিংগীডোবা বিলে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল। বালু উত্তোলনের ফলে এলাকার পরিবেশ, কৃষিজমি এবং স্থানীয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। এসব অভিযোগের সত্যতা যাচাই করে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় বিলে স্থাপিত ড্রেজার মেশিন ও পাইপলাইন জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে চলে যায় বলে জানা গেছে।

অভিযান শেষে ইউএনও মুরাদ হোসেন বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং জনস্বার্থে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে। আইন লঙ্ঘনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রাখা প্রয়োজন। এতে পরিবেশ ও কৃষিজমি রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগও কমবে।